সাবেক ডিজিএফআই প্রধানের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ২৭ ফেব্রুয়ারি রাতে সাবেক ডিজিএফআই প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাইফুল আলমের ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি উদ্ধার করেছে। এ অভিযানের তথ্য রবিবার (২ মার্চ) সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে সাংবাদিকদের জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি বলেন, সাইফুল আলমের বিরুদ্ধে একটি অনুসন্ধান চলছে এবং গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া টাকা আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাইফুল আলমের ব্যাংক হিসাব, তার স্ত্রীর এবং সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করেছে।
দুদক মহাপরিচালক জানান, অভিযানে ট্রাঙ্ক ভর্তি টাকা উদ্ধার হয়েছে, যা আদালতে জমা দেওয়া হয়েছে। সাইফুল আলমকে গত ১১ সেপ্টেম্বর সেনাবাহিনী বাধ্যতামূলক অবসরে পাঠায়। এর আগে, তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন, তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিজিএফআই মহাপরিচালক এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।