রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের লাশ উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এক রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইভানভ অ্যান্টন নামের ৩৩ বছরের ওই ব্যক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইনস্টলার হিসেবে কাজ করতেন।
রোববার রাতে ঈশ্বরদীর সাহাপুরের নতুন হাটে যেখানে বিদেশিদের থাকার ব্যবস্থা সেই গ্রিনসিটি প্রকল্পের একটি ভবনে তার লাশ মেলে। তিনি লিফটের সামনে পড়ে ছিলেন।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার এই তথ্য জানান।
জানা যায়, ইভানভ কয়েকবার বমি করে লিফটের সামনে পড়ে যান। পরে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের চিকিৎসকদের খবর দেওয়া হয়। তারা ইভানভকে মৃত ঘোষণা করেন। তার হার্ট অ্যাটাক হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ওসি অরবিন্দ জানান, লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করতে হবে। তারপর দূতাবাসের সহযোগিতায় ইভানভের লাশ তার দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।