শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রুশ বাহিনীর হামলায় ১৩৭ জন ইউক্রেনীয় সৈন্য নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 25 ফেব্রুয়ারি 2022, 10:50 দুপুর • 350 বার পঠিত
রুশ বাহিনীর হামলায় ১৩৭ জন ইউক্রেনীয় সৈন্য নিহত

রুশ বাহিনীর হামলায় অন্তত ১৩৭ জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন। এছাড়া ৩১৬ জন সৈন্য আহত হয়েছেন বলেও দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন।

ভলোদিমির বলেন, বিদেশি নেতাদের সঙ্গে আমি কতবার কথা বলেছি তা কোনো বিষয় নয়। এই সময়ে আমি কিছু বিষয় শুনেছি। এর মধ্যে প্রথম হলো- আমরা সমর্থন পেয়েছি। যারা আমাদের শুধু কথায় নয়, দৃঢ়ভাবে সাহায্য করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে আরেকটি বিষয়, তা হলো- প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের একা করে দেওয়া হয়েছে। কারা আমাদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত? সত্যি বলতে কাউকে দেখছি না।

তিনি বলেন, আজকে আমি ইউরোপের ২৭ জন নেতার সঙ্গে কথা বলেছি যে ইউক্রেন ন্যাটোতে থাকবে কি না। তাদের সবাই ভয় পেয়েছে, কোনো জবাব দেননি। তবে আমরা ভীত নই, যেকোনো কিছু করতে আমরা ভীত নই।

এর আগে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি জানান, ইউক্রেন এবং রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ অনিবার্য।

এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় ভোর ৫টার কিছু সময় পর। এরপর মোট চার থেকে পাঁচবার বিস্ফোরণে ঘটে বলে বিবিসি, সিএনএন-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।