শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঋণে জর্জরিত কওমি মাদ্রাসা: দুবেলা খাবার জুটছে না এতিমখানায়

অনলাইন নিউজ পোর্টাল • 22 সেপ্টেম্বর 2021, 06:49 সকাল • 419 বার পঠিত
ঋণে জর্জরিত কওমি মাদ্রাসা: দুবেলা খাবার জুটছে না এতিমখানায়

বৈশ্বিক করোনা মহামারিতে সারাদেশের কওমি মাদরাসাগুলো ঋণে জর্জরিত। প্রায় দু’বছর লকডাউনের দরুণ অর্থাভাবে হাজার হাজার কওমি মাদরাসার লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা বন্ধ হয়ে যায়। গত ১২ আগস্ট থেকে সরকার মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। মাদরাসাগুলোর হিফজ বিভাগের অবুঝ শিশুরা ভোর রাতেই ঘুম থেকে উঠে মধুর কণ্ঠে পবিত্র কোরআন পাঠে মগ্ন। করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য কওমি মাদরাসাগুলোতে চলে নিয়মিত দোয়া। ধর্মীয় শিক্ষা কার্যক্রম চালু হওয়ায় শুকরিয়া আদায় করে মাদরাসার সব হাজত পূরণের জন্য মহান আল্লাহ তা‘আলার কাছে সাহায্য কামনা করে ইমাম, খতিব, মুফতি, শাইখুল হাদিস ও ছাত্র-ছাত্রীরা নামাজের পর রোনাজারি করছেন।

ঋণের বোঝা মাথায় নিয়েই মাদরাসার লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা পুনরায় চালু করা হয়েছে। দীর্ঘদিন মাদরাসা বন্ধ থাকায় হতদরিদ্র অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে। করোনা মহামারি সংক্রমণের দরুণ দীর্ঘদিন বন্ধ থাকার পর কওমি মাদরাসাগুলো পূর্বের ন্যায় শিক্ষা কার্যক্রম সচল রাখতে আর্থিক সহায়তা জরুরি হয়ে পড়েছে। অভিজ্ঞ মহল এ অভিমত ব্যক্ত করেছেন।

করোনা মহামারির কারণে গোটা বিশ্ব স্তম্ভিত। সমাজ, রাষ্ট্র, ধর্মকর্ম ও অর্থনীতিসহ গোটা মানবজীবন অচল হয়ে পড়েছিল। আলহামদু লিল্লাহ, এখন ধীরে ধীরে গোটা বিশ্ব স্বাভাবিক জীবনধারায় ফিরে আসছে। বাংলাদেশে এখন করোনা প্রাদুর্ভাব অনেক কমে এসেছে। সে জন্য দেশের অফিস, আদালত, ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ, মসজিদ, মাদরাসাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ও খোলা হয়েছে। দীর্ঘ এ স্থবিরতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কওমি মাদরাসার শিক্ষা ব্যবস্থা। এ শিক্ষা ব্যবস্থার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের কওমি মাদরসাগুলো অর্থনৈতিকভাবে চরম বিপর্যস্ত। এসব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি কোন বেতন-ভাতা ও অনুদান না থাকায় দীর্ঘ দু’বছরের বন্ধকালে শিক্ষক-স্টাফদের বকেয়া বেতন, নির্মাণ খরচ, গ্যাস, বিদ্যুত বিল, ভাড়ার মাদরাসাগুলোর বকেয়া ভাড়ার চাপে এখন খোলার পর পরিচালনায় হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো।