রোজায় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ‘সহনীয়’পর্যায়ে থাকবে।
আজ বুধবার জাতীয় সংসদে সংসদ নেতা শেখ হাসিনা এই কথা বলেন। জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমামের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এই কথা বলেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। এই পর্বে জবাব দিতে গিয়ে নিত্যপয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘রমজান শুরুর আগে ও রজমানের মাঝামাঝি সময়ে দুই দফায় টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্ববধানে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে টিসিবির পণ্য বিক্রি করা হবে।’
দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভোজ্য তেলের ওপর ভ্যাট প্রত্যাহার, বাজার পর্যবেক্ষণ, ওএমএস, পণ্যের সরবরাহ নিশ্চিতকরণসহ নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা জোর দিয়ে বলেন, ‘সরকারের এ সকল কার্যক্রম গ্রহণের ফলে বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। আশা করি আসন্ন পবিত্র রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে।’