শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রোহিঙ্গাদের প্রভাবে হুমকিতে টেকনাফ ও উখিয়ার জনজীবন

অনলাইন নিউজ পোর্টাল • 28 আগস্ট 2021, 10:51 দুপুর • 208 বার পঠিত
রোহিঙ্গাদের প্রভাবে হুমকিতে টেকনাফ ও উখিয়ার জনজীবন

মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। অথচ এখন রোহিঙ্গাদের কারণে নিজেদের ভবিষ্যৎ ও অস্তিত্ব নিয়ে উদ্বিগ্ন এ দুই উপজেলার স্থানীয়রা।
তারা বলছেন, আশ্রয় পাওয়ার পর বিভিন্ন ক্যাম্পে অবস্থানকারী রোহিঙ্গারা এমন আচরণ করছে যেন- তারাই এখানকার স্থানীয়। কৃষি জমি, স্থানীয় শ্রমবাজার চলে যাচ্ছে তাদের দখলে। এতে উখিয়া ও টেকনাফসহ আশপাশের স্থানীয় মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, রোহিঙ্গাদের ব্যাপারে প্রথমদিকে যে মনোভাব স্থানীয়রা পোষণ করেছিল, এখন তা আর নেই। আশ্রয় নেয়ার চার বছর পরও তারা নিজ দেশে ফিরে না যাওয়ায় টেকনাফ-উখিয়ার বাসিন্দারা হতাশ। ২০১৭ সালের আগস্টে ওই রোহিঙ্গা ঢলের সময় স্থানীয় যারা নিজ জমি ও বাড়িতে এসব মানুষকে আশ্রয় দিয়েছিলেন, তারা এখন নিজেদের জমিজমা হারানোর শঙ্কায় পড়েছেন।

কক্সবাজার, উখিয়া ও টেকনাফ ঘুরে দেখা গেছে, রিকশা, অটোরিকশা, মাহিন্দ্রসহ বিভিন্ন গাড়ির চালক, খাবার হোটেল, আবাসিক হোটেল, গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন কাজে, জেলেদের ফিশিং বোটে ও ব্যবসা বাণিজ্যের উল্লেখযোগ্য কাজ এরই মধ্যে দখল করে নিয়েছে রোহিঙ্গারা। এমনকি গুরুত্বপূর্ণ টেকনাফের স্থলবন্দরের অভ্যন্তরেও রোহিঙ্গারা শ্রমিক হিসেবে কাজ করছে।