রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের...
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার অষ্টম বার্ষিকীতে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) রোহিঙ্গা মুসলমানদের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সংস্থাটি ন্যায়বিচার, জবাবদিহিতা ও মৌলিক অধিকার সুরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সংহতি ও টেকসই সমাধানের জন্য নতুন করে আহ্বান জানিয়েছে।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে ওআইসি জানায়, রোহিঙ্গারা এখনো নিপীড়ন, রাষ্ট্রহীনতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার। এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশসহ বিভিন্ন আশ্রয়দানকারী দেশে শরণার্থী শিবিরে অবস্থান করছে। মিয়ানমারেও বহু মানুষ হত্যাকাণ্ড, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন।
ওআইসি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলাসহ সব আন্তর্জাতিক উদ্যোগকে সমর্থন জানায়। একই সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মিকে আইসিজের অন্তর্বর্তীকালীন নির্দেশনা মেনে রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানায়।
বিবৃতিতে বাংলাদেশ ও অন্যান্য ওআইসি সদস্য রাষ্ট্রে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার উদারতার প্রশংসা করা হয় এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সহায়তায় মুসলিম দেশগুলোর মানবিক সহায়তাকেও স্বীকৃতি দেওয়া হয়।
সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারকে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, সংকটের মূল কারণ নিরসনে আন্তর্জাতিক সংহতি ও সমন্বিত পদক্ষেপ জরুরি। একই সঙ্গে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায় ওআইসি।
ওআইসি এ দিন রোহিঙ্গাদের সাহস ও দৃঢ়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।