রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করতে জোর দিচ্ছে বাংলাদেশ
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করতে জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তার জন্য চতুর্থ যৌথ সাড়াদান পরিকল্পনার (জেআরপি-২০১১) উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের ডিরেক্টর জেনারেল অ্যান্তোনিও ভিতোরিনো।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গাদের দীর্ঘকালীন সংকটের স্থায়ী সমাধানে তাগিদ দেন। তিনি বলেন, রোহিঙ্গা শিবিরগুলোর ঝুঁকি কমাতে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে স্বেচ্ছায় ১৮ হাজারেরও বেশি রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরিত হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘের সংস্থাগুলো ভাসানচরে শিগগিরই তাদের কার্যক্রম শুরু করবে। জেআরপি বা অন্য যেকোনো তহবিল ব্যবস্থা বাস্তবায়নে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার লক্ষ্যটি বিবেচনায় রাখা উচিত।