রোহিঙ্গা কিশোরকে উদ্ধারে গিয়ে গুলিতে অটোচালক নিহত
টেকনাফে অপহরণকারী ডাকাত দলের গুলিতে মো. হোসেন (৩২) নামের এক সিএনজিচালিত অটোচালক নিহত হয়েছেন। এ সময় মো. আয়াজ (১৯) নামে এক রোহিঙ্গা ও স্থানীয় রশিদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ন্যাচার পার্কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হোসেন জাদিমুরা এলাকার বাচা মিয়ার ছেলে। আহত আয়াজ ২৭নং জাদিমুরা ক্যাম্পের, সি-ব্লকের মুজিব উল্লার ছেলে।
জাদিমুরা ক্যাম্পের এক রোহিঙ্গা কিশোরকে সশস্ত্র ডাকাত দল অপহরণ করে পাহাড়ে আটকে রেখেছেন- এমন সংবাদে স্থানীয় একদল যুবক অটোরিকশা নিয়ে দমদমিয়া ন্যাচার পার্কসংলগ্ন পাহাড়ি এলাকায় ডাকাত দলের অবস্থানস্থলে যান। এ সময় অস্ত্রধারীরা তাদের ওপর এলোপাতাড়ি গুলি করেন। এ সময় অটোচালক মো. হোসেন ও নামাজ পড়তে বের হওয়া রোহিঙ্গা কিশোর আয়াজ ও স্থানীয় রশিদ উল্লাহ গুলিবিদ্ধ হন।
গোলাগুলির শব্দে গ্রামবাসী এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে আত্মগোপন করেন। পরে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক হোসেন ও আয়াজকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে মো. হোসেন মারা যান।