শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসির কাছে বাংলাদেশের সহায়তা প্রত্যাশা

অনলাইন নিউজ পোর্টাল • 02 অক্টোবর 2020, 09:17 সকাল • 169 বার পঠিত
রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসির কাছে বাংলাদেশের সহায়তা প্রত্যাশা

আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার মামলা পরিচালনায় সভায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রের সহায়তা চাইলেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা পরিচালনার জন্য ওআইসি এবং এর সদস্য দেশগুলোর কাছে তহবিল গঠনে সহায়তা চাইলেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।

রিয়াদে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা সম্পর্কিত ওআইসির অ্যাডহক মন্ত্রিসভা কমিটি আজ এক পরামর্শমূলক সভায় ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রদূত এ আহ্বান জানান।

এতে বাংলাদেশ, তুরস্ক, গাম্বিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, সুদান ও জিবুতির স্থায়ী প্রতিনিধি এবং ওআইসির মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত ওআইসির মহাসচিবকে আইসিজে মামলায় রোহিঙ্গাদের সহায়তা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সবার সহায়তা কামনা করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের এ সমস্যা অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না এবং গণহত্যার দায়ে দোষীরা শাস্তি এড়াতে পারে না।

ওআইসির মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন রোহিঙ্গাদের দুর্দশার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করেন।