রংপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
রংপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সরেয়ারতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তিন নিহতের মধ্যে কেবল অটোচালক রাজা মিয়ার পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। রাজা মিয়ার বাড়ি পীরগাছা উপজেলার দেবীচৌধুরানী এলাকায়।
পুলিশের ধারণা, অন্য হতাহতদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোস্তাফিজার বলেন, দেবীচৌধুরানী থেকে একজনের চিকিৎসার জন্য একটি অটোরিকশা করে রংপুর শহরের দিকে আসছিলেন আটজন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
তাতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন আছেন।