শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রংপুরে নকল বিড়ি উৎপাদন, রাজস্ব হারাচ্ছে সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 08 মে 2021, 10:02 দুপুর • 2,308 বার পঠিত
রংপুরে নকল বিড়ি উৎপাদন, রাজস্ব হারাচ্ছে সরকার

 ফের বিপুল পরিমান জাল ব্যান্ডরোল উদ্ধার করেছে কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। উদ্ধারকৃত এসব ব্যান্ডরোলের মূল্য দুই কোটি ১৬ লাখ টাকা। এসময় মাইক্রোবাসসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার রাতে নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকার চায়না মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন বগুড়ার গোকুল সরকার পাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মনতাজুর রহমান (৩৫) ও একই জেলার সদর সুলতানগঞ্জ পাড়ার মৃত মনতাজ উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪৫)। রংপুর ভ্যাট কমিশনার শওকত আলী সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

 করোনার মধ্যেও দীর্ঘদিন ধরে একটি চক্র রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন বিড়ি কারখানায় জাল ব্যান্ডরোল সরবরাহ করে আসছে। রাজস্ব ফাঁকি রোধ ও চক্রকে চিহ্নিত করতে কমিশনারেটের নিবারক দল কাজ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নিবারক দল বুধবার রাতে রংপুরের চায়না মোড়ে অবস্থান নেয়। এসময় বগুড়া থেকে একটি মাইক্রোবাস ওই এলাকায় আসলে নিবারক দলের সদস্যরা তা তল্লাশি করে প্রায় ৪০ প্যাকেট জাল ব্যান্ডরোল উদ্ধার করে। যার মূল্য দুই কোটি ১৬ লাখ টাকা। এসময় মাইক্রোবাস জব্দসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় মামলার পর পুলিশে দেওয়া হয়েছে।

কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় সূত্রে জানা যায়, বিড়ি উৎপাদনে কর বৃদ্ধি করার পর থেকে অবৈধভাবে বিড়ি উৎপাদন বেড়েছে। এ কারণে বিড়িশিল্প এলাকা বলে পরিচিত রংপুরের হারাগাছে জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকির পাশাপাশি সরকারকে কর দিয়ে আসা বিড়ি ফ্যাক্টরিগুলো তাদের বাজার হারাচ্ছে এবং মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।