রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আসছে ৪ কার্গো এলএনজি
রমজানে দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত এক কার্গোসহ মোট চার কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ রবিবার বাদ আসর কাকরাইল সার্কিট হাউজ মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কিছু পরামর্শও দিয়েছেন উপদেষ্টা ফাওজুল কবির। তিনি এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না নামানোর অনুরোধ জানান, অন্যথায় এটি অতিরিক্ত বিদ্যুৎ খরচের কারণ হয়ে লোডশেডিংয়ের ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া, মসজিদ ছাড়াও বাসা-বাড়ি, দোকান, শপিং মল, পেট্রোল পাম্প এবং সিএনজি স্টেশনগুলিতে অতিরিক্ত আলোকসজ্জা এবং অপ্রয়োজনীয় ফ্যান লাইট ব্যবহার না করার জন্য বিশেষভাবে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, দেশে জ্বালানি সংকট রয়েছে, গ্যাস ফুরিয়ে যাচ্ছে। চাহিদা পূরণে জ্বালানি আমদানি করতে হচ্ছে, ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে।
তিনি জানান, সেচের জন্য প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয় এবং সেচ বন্ধ করা সম্ভব নয়, কারণ এটি কৃষি উৎপাদনে ব্যাঘাত ঘটাতে পারে। এছাড়া, শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র ও অতিরিক্ত আলোকসজ্জার জন্য বিদ্যুতের আরও ৫-৬ হাজার মেগাওয়াটের চাহিদা রয়েছে।
ফাওজুল কবির বলেন, “যদি জনগণ সচেতন হয় এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করে, তবে রমজান মাসে কোন লোডশেডিং হবে না।”
এদিকে, সরকারের এই উদ্যোগের ফলে রমজানে বিদ্যুৎ সরবরাহে তেমন কোনো বাধা আসবে না বলে আশা করা হচ্ছে।