রমজানে ২৫ ডিগ্রির নিচে এসি না নামানোর নির্দেশ
আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সচিবালয়, অফিস, ব্যাংক, বাসাবাড়ি ও মসজিদে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না নামানোর পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে এবং কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, “দেশে বিদ্যুতের অপচয় রোধ করতে হবে। রমজান মাসে মসজিদে তারাবির নামাজের পর ফ্যান ও লাইট বন্ধ না করায় অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়। এ বিষয়ে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সচেতন করা হবে।"
তিনি আরও বলেন, “আমরা একটি অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। ২০২১ সালে রিজার্ভ ছিল ৪২ বিলিয়ন ডলার, এখন তা ২০ বিলিয়নের নিচে নেমেছে। বিদ্যুতের চাহিদা মেটাতে এবং অপচয় রোধে সচেতন হতে হবে।"
এছাড়া সেচ কার্যক্রমের জন্য অতিরিক্ত ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয় উল্লেখ করে উপদেষ্টা জানান, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সচিবালয়সহ সব সরকারি দপ্তরে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। অপ্রয়োজনীয় ফ্যান ও লাইট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।