শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রেলওয়ের প্রকল্পে অনিয়ম, দুদকের তদন্ত

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 23 জুলাই 2025, 12:29 রাত • 230 বার পঠিত
রেলওয়ের প্রকল্পে অনিয়ম, দুদকের তদন্ত

বাংলাদেশ রেলওয়ের ‘লাগেজ ভ্যান প্রকল্পে’ সরকারি অর্থের অপচয় এবং যাত্রীসেবায় গুরুতর অব্যবস্থাপনার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এ অভিযানে দরপত্র, ক্রয় সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়।

অভিযান চলাকালে দুদকের একটি দল সরেজমিনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন পরিদর্শন করে। তদন্তে দেখা যায়, প্রতিটি কোচে যাত্রীদের জন্য সাবান, হ্যান্ডওয়াশ, টিস্যু ও এয়ারফ্রেশনার সরবরাহের কথা থাকলেও বাস্তবে তা অনুপস্থিত। অথচ রেজিস্ট্রারে সবকিছু সরবরাহ ও পরিষ্কারের কাজ সম্পন্ন হয়েছে বলে উল্লেখ রয়েছে।

পরিদর্শন প্রতিবেদনে দুদক জানায়, ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু কিছু এসি কোচে সামান্য পরিমাণে এসব সামগ্রী দেওয়া হলেও নন-এসি কোচে কিছুই সরবরাহ করা হয় না। এর ফলে যাত্রীসেবা ব্যাহত হচ্ছে এবং সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দুদক জানিয়েছে, প্রকল্প সংশ্লিষ্ট সব তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।