শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

রেফারিকে লাঞ্ছিত করায় আবাহনীর ফুটবলারদের শাস্তি

অনলাইন নিউজ পোর্টাল • 12 জানুয়ারী 2021, 08:42 সকাল • 269 বার পঠিত
রেফারিকে লাঞ্ছিত করায় আবাহনীর ফুটবলারদের শাস্তি

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে সেমিফাইনালে হেরে ফেডারেশন কাপ থেকে ছিটকে গিয়েছিল আবাহনী লিমিটেড। ওই ম্যাচেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটি গোল বাতিল হওয়াকে কেন্দ্র করে রেফারিকে লাঞ্ছিতও করেন আবাহনীর ফুটবলাররা। এই ঘটনায় গতকাল সোমবার অভিযুক্তদের শাস্তি ঘোষণা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

গত ৭ জানুয়ারির ওই ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে শেষ মুহূর্তে গোল পেয়েছিল আবাহনী। কিন্তু শেষ পর্যন্ত নাবিব নেওয়াজের ওই গোলটি বাতিল হয়ে যায়। এ কারণে রেফারির সঙ্গে দুর্ব্যবহার করেন আবাহনীর ফুটবলার সোহেল রানা, টুটুল হোসেন, সাদ উদ্দিন। আবাহনী গোলরক্ষক এসে পরিস্থিতি শান্ত করেছিলেন। অভিযুক্ত সোহেল রানা ও টুটুল হোসেনকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

শুধু নিষেধাজ্ঞাই নয়, এ ছাড়া সোহেল রানাকে ৭৫ হাজার টাকা, টুটুলকে ৫০ হাজার টাকা এবং সাদ উদ্দিনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি আবাহনীর ফিটনেস ট্রেনার কাজী নজরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আবাহনীর কোচ মারিও লেমোসকেও গুনতে হবে ২৫ হাজার টাকা জরিমানা, সঙ্গে শুনতে হবে সতর্কবার্তা।