শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাতে ঘরে ঢুকে তরুণীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

অনলাইন নিউজ পোর্টাল • 29 জানুয়ারী 2021, 07:23 বিকাল • 286 বার পঠিত
রাতে ঘরে ঢুকে তরুণীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক তরুণীকে (২১) গভীর রাতে বাড়িতে ঢুকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাদকাসক্ত বখাটের হামলার শিকার হয়েছে একটি পরিবার। বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে শীলতাহানির সময় মাদকাসক্ত বখাটে মনু মিয়াকে (২৫) আটক করে স্থানীয়রা। পরে ওই ওয়ার্ডের কাউন্সিলর আনারুল ইসলাম সমাধানের কথা বলে বখাটে মনুকে ছাড়িয়ে নেন।

এদিকে, রাতে ছাড়া পাওয়ার পর আরো বেপরোয়া হয় মাদকাসক্ত ওই বখাটে। এরই জেরে শুক্রবার সকালে ভুক্তভোগীর পরিবার ও উত্ত্যক্তে বাধা দেওয়া স্থানীয় তিনজনের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায় বখাটে মনু মিয়া ও তার তিন ভাই। এতে বখাটের হামলায় প্রতিবাদ করা তিন ব্যক্তি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৯ জানুয়ারী) সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের তিস্তা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত বখাটে মনু মিয়া ওই এলাকার দুলা মিয়ার ছেলে। ওই বখাটে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আনারুল ইসলামের মদদে এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওই তরুণীর বাড়িতে প্রবেশ করে শীলতাহানির চেষ্টা করে মনু মিয়া। এতে বখাটে মনু মিয়াকে বাড়ি থেকে আটক করেন স্থানীয়রা। পরে স্থানীয় কাউন্সিলর আনারুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধানের কথা বলে বখাটে মনু মিয়াকে ছাড়িয়ে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্ত্যক্তের প্রতিবাদ করা স্থানীয় ওই তিন ব্যক্তির ওপর ধারালো ছুরি, কুড়াল ও ক্রিকেট ব্যাট দিয়ে হামলা চালায় বখাটে মনু মিয়া ও তার তিন ভাই আনোয়ার, মোনা, জিয়াসহ ৫/৬ জনের একটি বাহিনী। বখাটের অতর্কিত হামলায় গুরুতর হন একই পরিবারের তিনজন। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দাখিল করেনি ভুক্তভোগীর পরিবার।

আহত ফরিদুল জানায়, গতকাল রাতে বখাটে মনু মিয়া বাড়িতে ঢুকে আমার প্রতিবেশি এক মেয়ের শীলতাহানির চেষ্টা করে। এতে আমি প্রতিবাদ করায় আজ সকালে মনু ও তার ভাইসহ চাইনিজ কুড়াল দিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমরা এর বিচার চাই।

স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, বখাটে মনু মাদকাসক্ত, সে সবসময় এভাবে নারীদের উত্ত্যক্ত করে। আর এসব অপকর্মের মদদ দেন স্থানীয় কাউন্সিলর আনারুল ইসলাম। এমনকি বখাটে মনু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালিয়ে ভাঙচুর নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ নিয়ে অভিযুক্ত কাউন্সিলর আনারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। এমনকি তার বিরুদ্ধে অভিযোগের লিখিত কপি নিয়ে এ প্রতিবেদককে তার সাথে দেখা করতে বলে ফোন কেটে দেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, বিষয়টি আমার জানা নেই, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।