শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাত ১০টার মধ্যে সীতাকুণ্ডের আগুন পুরো নিয়ন্ত্রণে আনার আশা

মোহাম্মদ খাইরুল আমিন • 05 জুন 2022, 07:39 বিকাল • 564 বার পঠিত
রাত ১০টার মধ্যে সীতাকুণ্ডের আগুন পুরো নিয়ন্ত্রণে আনার আশা

চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর আগুন আজ রোববার রাত ১০টা মধ্যে নিয়ন্ত্রণে আনা যবে বলে আশা প্রকাশ করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জয়নাল আবেদীন বিকেলে এই আশা প্রকাশ করেন। 

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাবেন। আগুন এর মধ্যে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে উল্লেখ করে মেজর জেনারেল জয়নাল আবেদীন জানান, ‘‘আশা করা যায় রাত ১০টার মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।’’

সন্ধ্যার আগেও ডিপোতে আগুনের শিখা দেখা গেছে। কোনো কোনো কনটেইনার থেকে ধোঁয়া দেখা যাচ্ছিল। টানা কাজ করতে করতে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্লান্ত। তবু কাজ থামাননি তারা। পানি ছিটিয়ে যাচ্ছেন। এছাড়া আর কোনো লাশ পাওয়া যায় কি না সেদিকেও নজর রাখতে হচ্ছে। 

সীতাকুণ্ডের এই ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনায় আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। চট্টগ্রামের সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী এই তথ্য  জানিয়েছেন। 

চট্টগ্রাম নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের কনটেইনার টার্মিনালে শনিবার রাত ১০টার দিকে আগুন লাগে। পরে কন্টোইনার বিস্ফোরিত হয়। এর পর চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সব ইউনিট মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে রাত ৩টার দিকে তারা তাদের কাজে সহায়তা করতে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার অগ্নি নির্বাপক গাড়ি পাঠাতে অনুরোধ করে। আজ সকালে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর একটি বড় দল। 

এই দুর্ঘটনায় কয়েক শত মানুষ আহত হয়েছেন। আগুন নেভানোর দায়িত্ব পালন করতে গিয়ে ৭ জন ফায়ার ফাইটারের মৃত্যুর খবরও এসেছে। আহত হয়েছেন আরো কয়েকজন। এছাড়া নিখোঁজও রয়েছেন কয়েকজন। কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।  

আহতদের চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।