রাস্তায় খেলতে গিয়ে হঠাৎ দৌড়, রোলারের চাপায় পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রাম নগরের নিউ শহীদ লেন এলাকায় গত সোমবার বিকেলে রোলারের নিচে চাপা পড়ে মো. আরাফাত নামে এক শিশু মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নাধীন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল রোলারটি।
নগরের আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর ,রোলারের নিচে চাপা পড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিউ শহীদ লেন এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নালা সম্প্রসারণের কাজ ও রাস্তা সংস্কারের কাজ চলছিল। রাস্তার সংস্কারের কাজে ব্যবহৃত রোলারের নিচে শিশুটি চাপা পড়ে। রোলারচালকের পরিবর্তে এক্সকাভেটর (খননযন্ত্র) চালক রোলার চালাচ্ছিলেন। আর রোলারচালক নিচে ছিলেন। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম বলেন, সংস্কারকাজ চলমান থাকা এলাকায় শিশুরা খেলছিল। এ সময় একটি শিশু হঠাৎ করে দৌড় দেয়। দৌড় দিতে গিয়ে রোলারের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়।