শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ায় আঘাত হানার মতো অস্ত্র ইউক্রেনকে দেবে না যুক্তরাষ্ট্র

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মে 2022, 03:03 দুপুর • 242 বার পঠিত
রাশিয়ায় আঘাত হানার মতো অস্ত্র ইউক্রেনকে দেবে না যুক্তরাষ্ট্র

রাশিয়ার ভেতরে কোনো টার্গেটের ওপর আঘাত হানতে পারে এমন দূরপাল্লার রকেট সিস্টেম ইউক্রেনকে দেবে না যুক্তরাষ্ট্র। যদিও ইউক্রেন এমন আধুনিক অস্ত্রের জন্য বারবার আবেদন জানিয়ে আসছে। এই কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

‘‘রাশিয়ায় আঘাত হানতে পারে এমন রকেট সিস্টেম আমরা ইউক্রেনকে দেবো না-’’ হোয়াইট হাউসে মিডিয়া থেকে আসা একটি প্রশ্নের জবাবে এই কথা বলেন বাইডেন। 

গত সপ্তাহে জিনহুয়া বার্তা সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আধুনিক দূরপাল্লার রকেট সিস্টেম দিতে যাচ্ছে। 

তখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমন পরিকল্পনার কথা নিশ্চিত করতে অস্বীকৃতি জানানো হয়েছিল।

‘‘আগামী প্যাকেজ কেমন হবে তা নিয়ে আমরা এখনো কাজ করছি-’’ ২৭ মে এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এই কথা জানিয়েছিলেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তাদের উচ্চপদস্থ কর্মকর্তারা আমেরিকার কাছে নানাভাবে ব্যবহার করার মতো রকেট সিস্টেম ও হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম চেয়ে আসছিলেন। এসব অস্ত্র দিয়ে তারা নিজ দেশে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে চায়। 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অনেক অস্ত্র দিয়ে সহায়তা করেছে। এর মধ্যে আছে ভারী আর্টিলারি অস্ত্র, কৌশলগত ড্রোন, অ্যান্টি আর্মার, অ্যান্টি (ইয়ার) মিসাইল, হেলিকপ্টার, গ্রেনেড লঞ্চার, মেশিন গান, রাইফেল, রাডার সিস্টেম, ৫০ মিলিয়ন রাউন্ড গোলাগুলি। আরো অনেক কিছু দেওয়া হয়েছে।