রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ২০৩৬ পর্যন্ত ক্ষমতায় থাকার বন্দোবস্ত
রাশিয়ায় আরো দুই মেয়াদে ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করতে একটি বিলে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিলটিতে সোমবার সই করে একে আইনে রূপ দেন তিনি। নতুন এই আইনের মাধ্যমে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বিষয়টি চূড়ান্ত করলেন ৬৮ বছর বয়সী এ নেতা। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে বিলটির যাত্রা শুরু হয়।
রাশিয়া সরকারের লিগ্যাল ইনফরমেশন ওয়েবসাইটে সোমবার নতুন আইনটি সংযুক্ত করা হয়েছে। এ আইন অনুযায়ী, পুতিনকে তার চতুর্থ মেয়াদ শেষে ২০২৪ সালে পদত্যাগ করতে হবে না।
গত বছরের মার্চে ক্ষমতাসীন দলের আইনপ্রণেতা ভ্যালেন্তিনা তেরেস্কোভা দেশটির কংগ্রেসে সংবিধান সংশোধন করে পুতিনের ক্ষমতায় থাকার মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেন। প্রথম নারী হিসেবে মহাকাশে যাওয়া ভ্যালেন্তিনার এ দাবির প্রতি কংগ্রেসে নিজের সম্মতি জানান পুতিন।
প্রেসিডেন্ট পদে পুতিনের আরও ১২ বছর থাকতে দেশটির সংবিধান সংশোধনের প্রস্তাব গত বছর ১১ মার্চ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলে অনুমোদন পায়।
এর আগে সংবিধান সংশোধনের ইস্যুতে পার্লামেন্টে তৃতীয় ও শেষ পর্যায়ে পর্যালোচনা হয়। এরপর ফেডারেশন কাউন্সিলে হয় ভোটাভুটি। সংশোধনের পক্ষে ভোট দেন ১৬০ এমপি। বিপক্ষে ভোট দেন মাত্র একজন। এর মধ্য দিয়ে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথে চূড়ান্তভাবে এগিয়ে যান পুতিন।