রাশিয়ার মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসছে, আজারবাইজান ও আর্মেনিয়া
নাগার্নো-কারাবাখ নিয়ে নতুন করে যুদ্ধে জড়ানোর দুই সপ্তাহ পর রাশিয়ার মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসতে যাচ্ছে আজারবাইজান ও আর্মেনিয়া। শুক্রবার দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রীকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে পুতিন এই শাস্তি আলোচনার ডাক দিয়েছেন বলে এএফপি’র খবরে বলা হয়েছে। মানবিক কারণে এই যুদ্ধ থামানো উচিত বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট।
বিবৃতিতে বলা হয়েছে, “রাশিয়ার প্রেসিডেন্ট মানবিক কারণে নাগার্নো-কারাবাখে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন, যাতে মৃতদেহগুলো এবং বন্দীদের বিনিময় করা যায়। আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ৯ অক্টোবর মস্কোয় আমন্ত্রণ জানানো হচ্ছে।”
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শাস্তি আলোচনার মধ্যস্থতা করবেন বলে পুতিন জানিয়েছেন। আলোচনার এই উদ্যোগ নিতে বৃহস্পতিবার রাতে আজারবাইজান ও আর্মেনিয়ার নেতৃবৃন্দের সঙ্গে পুতিনের দফায় দফায় ফোনালাপ হয়েছে বলে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে।
তবে মস্কোর এই আহ্বানে বিবাদমান দেশ দুটির শীর্ষ পর্যায়ে কূটনীতিকেরা সাড়া দিয়েছেন কি-না এ ব্যাপারে পরিষ্কার কোনো মন্তব্য পাওয়া যায়নি।