রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় একমত ইইউ
বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইইউ -এর পররাষ্ট্রমন্ত্রীরা এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে সম্মত হন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
২৭ মিনিটের এই বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি ছাড়াও বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে ইইউ।
সপ্তাহখানেক আগেই জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা প্রতিবেদন দিয়েছিলেন যে, রুশ সরকারই নাভালনিকে বিষপ্রয়োগ করে মারতে চেয়েছিল। তাদের প্রস্তাবের উপর ভিত্তি করেই এখন কী ধরনের নিষেধাজ্ঞা জারি করা হবে তা নিয়ে আলোচনা চলছে।
তবে নিষেধাজ্ঞা অবিলম্বে চালু হচ্ছে না। কারণ, এর খসড়া তৈরি হবে। আইনজ্ঞরা তা বিচার করবেন। ২৭টি ইইউ দেশ তা মেনে নেবে। তারপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।
জার্মানি ও ফ্রান্সের মতে, রুশ কর্তৃপক্ষ জড়িত না থাকলে নাভালনিকে বিষ দেয়া সম্ভব হতো না। মস্কো এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারেনি।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, নাভালনিকে বিষপ্রয়োগের ফল পেতে হবে রাশিয়াকে। এর জন্য জার্মানি ও ফ্রান্স চায় দায়ী কিছু ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি হোক।