রাশিয়া থেকে তেল কেনার উপায় খুঁজছে বাংলাদেশ
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে থাকা রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করার পরিকল্পনা করছে সরকার। একথা জানালেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘‘বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি করতে পারে, তাহলে আমরা কেন পারব না?’’
রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করা গেলে বিনিময় মুদ্রা কী হবে তা নিয়ে সমাধান খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেলি কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়। তবে তা অন্যদের জন্য প্রযোজ্য নয়। ইউরোপীয় ইউনিয়নও জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমিয়েছে।
ওদিকে অনেক দেশ রাশিয়া থেকে তেল কিনতে পেছপা হওয়ার সুযোগে ভারত ও চীন অনেক কম দামে রাশিয়া থেকে তেল কিনতে শুরু করে। চীনের ব্যাপারটা যেমন তেমন, ভারতের ব্যাপারটা ভালো চোখে দেখেনি যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল কিনতে অন্য দেশের বাধা নেই। তবে কুটনৈতিক বিষয়টা সব দেশকে মাথায় রাখতে হয়।