শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রীয় উদ্যোগে বিনামূল্যে সব নাগরিকের কাছে করোনার টিকা পৌঁছানো

অনলাইন নিউজ পোর্টাল • 14 জানুয়ারী 2021, 07:07 বিকাল • 182 বার পঠিত
রাষ্ট্রীয় উদ্যোগে বিনামূল্যে সব নাগরিকের কাছে করোনার টিকা পৌঁছানো

দেশে করোনাভাইরাসের টিকা নিয়ে মুনাফাকেন্দ্রীক যেকোনো প্রকার ব্যবসা ও মধ্যস্বত্বভোগী রাখার ব্যবস্থা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পার্টির পক্ষ থেকে করোনার টিকাকে ‘জনপণ্য’ বিবেচনা করে বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনায় তা প্রত্যেক নাগরিকের কাছে পৌছানোর ব্যবস্থা গ্রহণসহ ৮ দফা দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ সময় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, মোফাজ্জল হোসেন মোশতাক, ইমরান হোসেন, মোজাম্মেল হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে উত্থাপিত ৮ দফা দাবিতে বলা হয়, সকল নাগরিকের কাছে করোনা টিকা পৌঁছাতে দেশের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত অবকাঠামো সংস্কার এবং চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহায়কসহ সংশ্লিষ্ট সমগ্র জনশক্তিকে উপযুক্ত নির্দেশনা ও প্রশিক্ষণ দিতে হবে। টিকা আমদানি, ব্যবস্থাপনা, প্রয়োগসহ গোটা পদক্ষেপ রাষ্ট্রীয় ব্যবস্থায় সম্পন্ন করতে হবে। টিকা নিয়ে মুনাফাকেন্দ্রীক যেকোন প্রকার ব্যবসা ও মধ্যসত্ত্বভোগী ব্যবস্থা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। টিকা আমদানিতে জরুরী ভিত্তিতে বিকল্প উৎসসমূহ বের করতে হবে, প্রয়োজনে সম্ভব স্বল্পতম সময়ে বাংলাদেশে তার ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। টিকা ও করোনার পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দুর্নীতি, চুরি, দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনাকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। টিকাকে করোনা ভাইরাসের একমাত্র সমাধান হিসেবে বিবেচনা না করে মাস্ক, স্যানিটাইজার, পরিচ্ছন্নতা, জনসচেতনতা, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ করোনার পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থাকে কার্যকরি করতে হবে। সর্বোপরি করোনার চিকিৎসা ও টিকা সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।

সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, করোনার টিকা নিয়ে দেশের মানুষ কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে জিম্মি হতে পারে না।