রাঙামাটিতে পাহাড় ধসে ২ শ্রমিকের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
16 এপ্রিল 2022, 12:31 দুপুর
•
392 বার পঠিত
অবৈধভাবে পাহাড় কাটছিলেন তারা। তৈরি করছিলেন বাড়ি। কিন্তু এই সময়ে পাহাড় ধসে পড়ে। তাতে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাঙামাটির কাউখালী উপজেলায়।
কাউখালীর ১ নম্বর বেতবুনিয়া মডেল ইউনিয়নর মাইল্যাছোলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে শুক্রবার। এ তথ্য নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি এসএস শহীদুল ইসলাম।
মৃত শ্রমিকরা হলেন- মো. পেয়ার মোহাম্মদ (৫০) ও সুফল বড়ুয়া (৩৮)।
ওসির কাছ থেকে জানা যায়, ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়ুয়ার বাড়ির পাশে পাহাড় আগেই অবৈধভাবে কেটেছিলেন। শুক্রবার সকালে পাহাড় ঘেঁষে নতুন করে দেয়াল নির্মাণ করছিলেন দুই শ্রমিক। এ সময় হঠাৎ কাটা অংশের পাহাড় ধসে পড়লে তাতে চাপা পড়েন ওই দুই শ্রমিক। খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।