শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিশু

রাজশাহীতে নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন

মোহাম্মদ খাইরুল আমিন • 12 ডিসেম্বর 2025, 07:44 বিকাল • 181 বার পঠিত
রাজশাহীতে নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন

রাজশাহী, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদ (২) এর দাফন সম্পন্ন হয়েছে। 

 

আজ শুক্রবার সকাল ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

জানাজার মাঠে সকাল থেকেই মানুষের ঢল নামে। গ্রামের বৃদ্ধ, কৃষক, স্কুলপড়ুয়া শিশু—সবার চোখে পানি। সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহটি যখন মাঠে আনা হয়, চারপাশে কান্নার রোল পড়ে যায়। 

 

জানাজা শেষে হাজারো মানুষ হাত তুলে দোয়া করেন সাজিদের মাগফিরাতের জন্য এবং শোকাহত পরিবারটির জন্য ধৈর্য প্রার্থনা করেন।

 

প্রসঙ্গত, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে টানা ৩২ ঘণ্টা চেষ্টার পর ৪৫ ফুট মাটি খনন করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে উদ্ধার করেন। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।