শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজশাহীতে ইউনিয়ন পরিষদের গুদাম থেকে টিসিবির পণ্য চুরি

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 10 এপ্রিল 2025, 11:45 দুপুর • 163 বার পঠিত
রাজশাহীতে ইউনিয়ন পরিষদের গুদাম থেকে টিসিবির পণ্য চুরি

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের গুদাম থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে এসব পণ্য স্থানীয় উপকারভোগীদের মধ্যে বিতরণ করার কথা থাকলেও তার আগেই চুরির বিষয়টি ধরা পড়ে।

টিসিবির অনুমোদিত ডিলার 'মেসার্স বিপ্লব এন্টারপ্রাইজ'-এর স্বত্বাধিকারী আবু তালেব সরকার জানান, চুরি হওয়া পণ্যের মধ্যে ছিল ৪৫৯ কেজি চিনি, ৪২৫ কেজি ডাল ও ১৮৯ বোতল সয়াবিন তেল। গুদামে রাখা এসব পণ্য চুরি হওয়ায় প্রায় ৪৫৯ জন উপকারভোগী চিনি থেকে পুরোপুরি বঞ্চিত হন। তবে যাঁরা আগে উপস্থিত হন, তাঁদের মধ্যে কিছু ডাল ও তেল বিতরণ করা সম্ভব হয়েছে।

ডিলার আবু তালেব দাবি করেন, "আমি নিশ্চিত, এটি কোনো একটি মহলের পরিকল্পিত কাজ, আমাকে ফাঁসানোর উদ্দেশ্যে। আমি প্রশাসনের কাছে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।"

বাউসা ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য জামাল উদ্দিন (৫৩) বলেন, "আমরা পালাক্রমে পাহারা দেই। তবে কবে, কখন গুদামে চুরি হয়েছে, বুঝে উঠতে পারিনি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতকারীরা জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে দরজা খুলে মালামাল নিয়ে গেছে।"

এ ঘটনায় স্থানীয় উপকারভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। পণ্য বিতরণের দিন গুদামে গিয়ে কেউ কেউ খালি হাতে ফিরে যান। অনেকে দূরদূরান্ত থেকে এসে পণ্য না পেয়ে হতাশা প্রকাশ করেন।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, "চুরির বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। তবে টিসিবির পণ্য উত্তোলনের পর তার হেফাজতের দায়িত্ব ডিলারের ওপরই থাকে। বিষয়টি খতিয়ে দেখা হবে।"

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান জানান, চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি রাজশাহীতে একটি মিটিংয়ে থাকায় সরাসরি উপস্থিত হতে পারেননি।