রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অর্ধশতাধিক
রাজশাহীর খড়খড়িতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দুটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত এবং অর্ধশতাধিক বাস যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে। নিহতদের মধ্যে রয়েছেন নাসিম, মিজান ও জুয়েল।
চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দুটি বাসে করে প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে পিরোজপুর যাচ্ছিলেন। পথে রাজশাহীর খড়খড়ি এলাকায় একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর কিছুক্ষণ পর আরেকটি বাস এসে ধাক্কা দেয়, ফলে একটি বাস খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও দমকল বিভাগের সদস্যরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জানান, তিনজনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।