শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে যত্রতত্র পশুর হাট বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 25 জুন 2021, 09:37 সকাল • 678 বার পঠিত
রাজধানীতে যত্রতত্র পশুর হাট বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি থাকায় এবার রাজধানী ঢাকায় যত্রতত্র পশুর হাট বসতে দেয়া হবে না। সিটি করপোরেশন এবার হাট নিয়ন্ত্রণ করছে, অনেক হাট বন্ধ করে দিয়েছে। কোরবানির পশুবাহী যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরো বলেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কার্যক্রম বর্তমান অবস্থান আগারগাঁও থেকেই হবে। সচিবালয় (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) থেকে হবে মনিটরিং (তদারকি)।

পশুর হাটে স্বাস্থ্য সেবা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, যেসব গরু ব্যবসায়ীরা আসবেন, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে আসেন, সে বিষয়ে আমরা নজর রাখব। কোভিড-১৯ পরিস্থিতির ওপর লক্ষ্য রেখে পরে যদি কোনো ব্যবস্থা নিতে হয়, সেজন্য এবার আগেই বৈঠক করেছি। ঈদের বন্ধের সময় সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখতে জোরদার ব্যবস্থা রাখা হবে। চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে গোয়েন্দা নজরদারিসহ পুলিশ-র‌্যাবের টহল বাড়ানো হবে।