রাজধানীতে শিশু গৃহকর্মীকে অমানসিক নির্যাতন, দম্পতি গ্রেফতার
অনলাইন নিউজ পোর্টাল
•
03 নভেম্বর 2020, 04:55 দুপুর
•
306 বার পঠিত
রাজধানীর গুলশানে নদ্দা মোড়লবাড়ি এলাকা থেকে গুরুতর জখম অবস্থায় এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
গুলশান থানার এসআই সিনথিয়া আক্তার জানান, সোমবার রাতে রাষ্ট্রীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে কেউ একজন শিশু গৃহকর্মী নির্যাতনের খবর দেন। রাতেই পুলিশ তাকে উদ্ধার করে এবং ওই বাসার লোকজনকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, গৃহকর্ত্রীর নাম সুরমা আক্তার, তার স্বামীর নাম মঈনুল হোসাইন।
তিনি আরো জানান, ওই শিশু গৃহকর্মীকে পুলিশি ব্যবস্থাপনায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে। শিশুটির মুখে জখমের চিহ্ন আছে। আঘাতে চোখ ফুলে গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, তাকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেখে চিকিৎসা করানো হবে। প্রাথমিকভাবে জানতে পেরেছেন, শিশুটির গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা মারা গেছেন। মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।