রাজধানীতে বিভিন্ন জায়গায় বিএনপির হামলা-ভাঙচুরসহ আগুন
প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি ব্যাপক নাশকতা চালিয়েছে। বিভিন্ন সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। পুুলিশ সরিয়ে দিতে গেলে তাদের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। পুলিশের গাড়ি ভাংচুরসহ যাত্রীবাহী বাসেও আগুন দেয়।
আজ সকাল ১১টার দিকে একযোগে বিএনপির নেতাকর্মীরা রাজধানী ঢাকার উত্তরা, যাত্রাবাড়ী, মাতুয়াইল, গাবতলী, ধোলাইখালসহ বিভিন্ন এলাকার রাস্তায় নেমে সহিংসতা চালায়। যাত্রাবাড়ীর এলাকায় সবচেয়ে বেশি সহিংস পরিস্থিতি তৈরি করে। সেখানে রাস্তা বন্ধ করে স্লোগান দিতে থাকে বিএনপির নেতাকর্মীরা। এ সময় দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। হামলা চালানো হয় পুলিশের গাড়িতে এবং ৩-৪টি গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া তারা ককটেল বিস্ফোরণও ঘটায়।
এদিকে বিশৃঙ্খলার আশঙ্কায় পুলিশ, আনসার বাহিনীসহ নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য ভোর থেকেই বিভিন্ন সড়কে সতর্ক অবস্থান নেয়।
নিরাপত্তার স্বার্থে ঢাকার সড়কে কাউকে অবস্থান নিতে দেওয়া হবে না বলে জানায় ডিএমপি। অথচ বিএনপি পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সহিংস পরিস্থিতির দিকে যায়। এতে ব্যাহত হয় বিভিন্ন সড়কে যান চলাচল। দুর্ভোগেও পড়েন বহু মানুষ, সৃষ্টি হয় আতঙ্ক।