রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর গ্রিন রোডের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থী মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে।
নিহত শিক্ষার্থী ইমাম হোসেন (২৩) এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিরই কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ভোলার লালমোহনে। বাবার নাম আক্তার হোসেন। তিনি থাকতেন গ্রিন রোডের কাছেই ঢাকার পূর্ব রাজাবাজারে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আটটার দিকে ঘটনাটা ঘটে। গ্রিন রোডের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ছাদ থেকে পড়ে যান ইমাম। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে ইমামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আজ সকাল দশটায় ইমামের সেমিস্টার পরীক্ষা ছিল। কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন সকাল সাড়ে সাতটার দিকে। এত সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে কেন আসেন সেটা এক প্রশ্ন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য ইমামের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে।