শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল এক মায়ের

মোহাম্মদ খাইরুল আমিন • 29 মার্চ 2022, 07:09 বিকাল • 491 বার পঠিত
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল এক মায়ের

দুই সন্তানকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন সাবিনা ইয়াসমিন (৩১)। যাচ্ছিলেন রিকশায়। এই সময় পেছন থেকে প্রবল ধাক্কা দেয় একটি বাস। তাতেই ছিটকে পড়তে হয়। আহত সাবিনাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

আজ মঙ্গলবার দুপুর ১২টা দিকে রাজধানীর মিরপুর-১৪ নম্বরে এই দুর্ঘটনা ঘটে। সাবিনা মারা গেলেও তার দুই সন্তান নিরাপদে আছেন বলে জানা গেছে। 

সাবিনার স্বামীর নাম রফিকুল ইসলাম। সিরাজগঞ্জের কাজীপুরে তার বাড়ি। আর স্ত্রী সাবিনা বগুড়া জেলার ধুনট উপজেলার পশ্চিম ভরন শাহী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সাবিনা-রফিকুলরা সন্তানদের নিয়ে মিরপুর ১৪ নম্বরের বিআরপি এলাকায় থাকতেন। 

নিহতের দেবর জামিল হোসেন ও পথচারী লোকমান হোসেনের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। চতুর্থ শ্রেণির ছাত্রী হুমায়রা ইয়াসমিন ওহি (৯) ও ছোট মেয়ে রাফিয়া ইয়াসমিন মিমকে (৬) রিকশায় করে নিয়ে বিএন স্কুলের দিকে যাচ্ছিলেন মা সাবরিনা। ১৪ নম্বরের নেভি মার্কেটের সামনে রিকশাটিকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। দুই সন্তানসহ সাবিনা রাস্তায় পড়ে যান। সন্তানদের কিছু না হলেও তিনি গুরুতর আহত হন। 

তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর বেলা আড়াইটার দিকে কর্তব্যরত
চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।