রাজধানীতে বাড়ছে ডায়রিয়ার সংক্রমণ
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে দিনে দিনে ডায়রিয়া রোগির সংখ্যা বেড়ে চলেছে। গত কয়েক দিনে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) হাসপাতালে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে। তীব্র গরম আর অনিরাপদ পানির কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে চিকিৎসকদের ধারণা।
আইসিডিডিআরবির দেওয়া তথ্য অনুসারে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালটিতে ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ৪০১ জন রোগী ভর্তি হয়েছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, হাসপাতালে রোগী সংকুলান না হওয়ায় বাইরে তাবু টানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ছুটির দিনে ব্যাপক রোগী এসেছে। এদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৮ জন। ১৬ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১০ দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১১ হাজার ১২৬ জন। রোজ গড়ে এই হাসপাতালে ১ হাজার ১১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২২ মার্চ সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন। সংখ্যাটা ১ হাজার ২৭২।
আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানায়, রাজধানীর কয়েকটি এলাকা থেকেই বেশি রোগী আসছে। সায়েদাবাদ, যাত্রাবাড়ী, শনির আখড়া, মিরপুর, কদমতলী, বাড্ডা, উত্তরখান, মোহাম্মদপুর, উত্তরা, টঙ্গী, কামরাঙ্গীর চর এলাকা থেকে বেশি রোগী এসেছেন। এদের অধিকাংশ কলেরায় আক্রান্ত।
আগের বছরগুলোতে এমন গরমের দিনে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ রোগী হাসপাতালটিতে ভর্তি হতেন। এবার সংখ্যাটা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ১০ দিনে রোজকার হিসেবে ভর্তি হওয়া রোগীর সংখ্যা হাজারের নিচে নামেনি বলে জানা গেছে।