রাজধানীতে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার
রাজধানীর উত্তরা থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী একটি চক্রের চার বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শেখ ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. হাবিবুর রহমান (৫১), মামুনুর রশিদ মামুন (৪১), মো. জামাল হোসেন (৪০) ও নাহিদুল ইসলাম পলাশ।
তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির ২৮টি পাসপোর্ট, বিভিন্ন দূতাবাস, ব্যাংক ও এজেন্সির ১৯টি সিল মোহর এবং কম্বোডিয়ার ১০টি জাল ভিসা উদ্ধার করা হয়েছে।
ওমর ফারুক বলেন, গতকাল আন্তর্জাতিক মানব পাচারকারী একটি চক্রের চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রটি বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও মালদ্বীপে সক্রিয়। দীর্ঘ দিন থেকে চক্রটি প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৬, ৭, ৮(২) এবং ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১) ও (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ০৯।