রাজধানীতে ২৫ লাখ টাকার নকল ওষুধ জব্দ
রাজধানীর কলাবাগান থানা এলাকার নিউ সুইস ফার্মা নামের একটি ফার্মেসি থেকে ২৫ লাখ টাকার নকল ও ভেজাল ওষুধ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। মেয়াদউত্তীর্ণ ওষুধ এবং অনুমতি ব্যতীত বিদেশি ওষুধ বিক্রি করার দায়ে ফার্মেসিটি সীলগালা করা ছাড়াও কলাবাগান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এবং স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসনের সহায়তায় কলাবাগানের নিউ সুইস ফার্মা নামের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালানো হয়।
আব্দুল্লাহ আল মামুন বলেন, ফার্মেসিতে বিভিন্ন প্রকার ভেজাল, নকল, মানহীন, মেয়াদউত্তীর্ণ ওষুধ ও অনুমতি ব্যতীত বিদেশি ওষুধ বিক্রি হচ্ছে এবং নিবন্ধনহীন গোডাউনে তাপমাত্রা নিয়ন্ত্রণ না করে ওষুধ সংরক্ষণ করে আসছে। অপরাধ প্রমাণিত হওয়ায় ফার্মেসিকে সীলগালা ও আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল ওষুধ জব্দ করাসহ ফার্মেসির মালিকের বিরুদ্ধে কলাবাগান থানায় নিয়মিত মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরও বলেন, সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লাভের আসায় বিভিন্ন অনিবন্ধিত ফার্মেসিতে নামি-দামী ওষুধের নামে/বেনামে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে। এছাড়াও বিদেশি ওষুধ বিক্রির নামে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অধিক টাকা হাতিয়ে নিচ্ছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।