শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর পল্লবী থানা কম্পাউন্ডের ভেতর বোমা বিস্ফোরণ

অনলাইন নিউজ পোর্টাল • 29 জুলাই 2020, 11:39 দুপুর • 1,333 বার পঠিত
রাজধানীর পল্লবী থানা কম্পাউন্ডের ভেতর বোমা বিস্ফোরণ

রাজধানীর পল্লবী থানা কম্পাউন্ডের ভেতরে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে চার পুলিশসহ পাঁচ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ২৮ জুলাই মধ্যরাতে এ ঘটনা ঘটে। 

পুলিশের একজন কর্মকর্তা জানান, রাতে থানা কম্পাউন্ডের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা দেখতে পেয়ে তারা বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেন। বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই বোমাটি বিস্ফোরিত হয়। এতে চার জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে চক্ষু হাসপাতালে স্থানান্তর ও দু’জনকে ভর্তি রাখা হয়েছে।

তবে অপর একটি সূত্র জানিয়েছে, একটি আগ্নেয়াস্ত্র ও চারটি ককটেলসহ একজন সন্ত্রাসীকে আটক করে থানায় আনা হয়েছিল। ওই সন্ত্রাসীর সঙ্গে থাকা ককটেলগুলো ডিফিউজ করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে কল করা হয়। ককটেল ডিফিউজ করতে গিয়ে বিস্ফোরিত হয়ে পাঁচ জন আহত হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বলেন, পল্লবী থানা পুলিশ দু’টি আগ্নেয়াস্ত্রসহ তিন জন সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসে। সন্ত্রাসীদের কাছে ওজন মাপার মেশিনের মতো একটা যন্ত্র ছিল। ওই যন্ত্রটি ডিউটি অফিসারের কক্ষে রাখা হলে তা বিস্ফোরিত হয়।

প্রসঙ্গত, সম্প্রতি সন্ত্রাসী হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। এতে পুলিশকে টার্গেট করে পুলিশ সদস্যদের ওপর বা পুলিশের স্থাপনায় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।