রাজধানীর কয়েক এলাকায় আজও গ্যাস সংকট
ঈদের রাত থেকেই রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাসের সংকট। সেই সঙকট এখনো রয়ে গেছে বিভিন্ন জায়গায়। নির্দিষ্ট কিছু জায়গায় গ্যাসের সরবরাহ বন্ধ। তবে আজ রাত থেকে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা।
গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে মঙ্গলবার থেকে। সেই ধারাবাহিকতায় আজও রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গ্যাসের চাপ এতটাই কম যে রান্না করার উপায় নেই।
ঢাকার গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় এমন অবস্থা বিরাজ করছে বলে জানা যায়। সব এলাকায় প্রায় একই অবস্থা।
কোথাও কোথাও গ্যাসের চাপ কম। আবার কোথাও একদমই গ্যাস নেই। সকালের নাস্তা খেতে তাই হোটেলের শরণাপন্ন হতে হয়েছে রাজধানীর অনেককে। ভূক্তভোগীদের অভিযোগ, ঈদের আনন্দের এই সময়ে গ্যাস নিয়ে এমন ভোগান্তি মেনে নেওয়া কঠিন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্র থেকে জানা গেছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজও এলাকাভেদে গ্যাস সরবরাহ বন্ধ থাকছে কিছু জায়গায়। তবে তারা জানায়, অনেক এলাকায় আজ রাতের মধ্যে গ্যাস সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। সেভাবেই তারা কাজ করছেন। এরপর থেকে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ।
ঈদের আগে এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছিল, ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রাজধানীর আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর সঙ্গে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বা গ্যাস সংকট থাকবে।