পুলিশের হেফাজত থেকে দুই যুবককে ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ সদস্য আহত
মাদারীপুরের কালকিনি উপজেলায় দুই যুবককে ইয়াবাসহ আটক করার পর পুলিশি হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় তাদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন।
এর আগে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠ্যাঙ্গামারা গ্রামের রাশেদুল খান (৩৫) এবং একই এলাকার আল আমিন সরদার (৩০) নামের দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে, কালকিনি থানার এসআই আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই দুই যুবককে বড়ব্রিজ এলাকা থেকে আটক করে।
তবে, মাছবাজার এলাকার কাছে পৌঁছানোর পর পুলিশের ওপর হামলা চালায় স্থানীয়রা। এ সময় হামলাকারীরা পুলিশ সদস্যদের পিটিয়ে গুরুতর আহত করে এবং আটক দুই যুবককে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেয়। হামলায় এসআই আবুল বাশার, এএসআই সোহেল রানা, কাজী স্বপন এবং আতিকুল ইসলাম আহত হন।
আহত পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, কালকিনি থানা পুলিশ ও জেলা পুলিশের অতিরিক্ত সদস্যরা অভিযান চালান। এই ঘটনায় পুলিশ দুটি আলাদা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান আরও জোরদার করার দাবি উঠেছে।