পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার
ঢাকা রাজধানীর রমনার অফিসার্স কোয়ার্টারের একটি বাসা থেকে গত বুধবার বিকেল সাড়ে ৫টায় মৌসুমী (১৪) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় রমনা থানা পুলিশ।
তবে এর আগে, সিআইডির ফরেনসিক বিভাগ এসে আলামত সংগ্রহ করে।
মৌসুমীর বাড়ি টাঙ্গাইলে। সে গৃহকর্মী হিসেবে রমনা অফিসার্স কোয়ার্টারে অতিরিক্ত আইজি আবু হাসান মো. তারিকের বাসায় কাজ করতো। তিনি রাজশাহীর সারদায় পুলিশ ট্রেনিং কলেজের অধ্যক্ষ। পুলিশের এক কনস্টেবল বাসায় গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করলেও দরজা না খোলায় রমনা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে রমনা থানা পুলিশ গিয়ে দরজা ভেঙে বারান্দা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এদিকে রমনা থানার এসআই ইউনুছ আলী বলেন, বিকেলে খবর পেয়ে অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে মৌসুমী নামের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। তার দেহ বাসার বেলকুনিতে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে তা পরে জানানো হবে।