শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পশুর হাটে অনিয়ম, সেনাবাহিনীর হাতে আটক সাবেক বিএনপি নেতা

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মে 2025, 09:45 রাত • 321 বার পঠিত
পশুর হাটে অনিয়ম, সেনাবাহিনীর হাতে আটক সাবেক বিএনপি নেতা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের পশুর হাটে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাট ইজারাদারকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। শনিবার (৩১ মে) সন্ধ্যায় অভিযানের মাধ্যমে আটক করার পর তাকে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ইজারাদারের নাম ফরিদুল হক শাহীন শিকদার। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। তবে বহিষ্কারের পরও তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আটক শাহীন শিকদার থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা প্রশাসনের একজন প্রতিনিধি বাদী হয়ে মামলার এজাহার দাখিল করবেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছর ভূরুঙ্গামারী হাটের ইজারা গ্রহণ করেন শাহীন শিকদার। সরকারি নির্ধারিত হার অনুযায়ী গরুপ্রতি খাজনা ৫০০ টাকা এবং ছাগলপ্রতি ২৫০ টাকা নির্ধারিত থাকলেও, হাট কর্তৃপক্ষ গরুপ্রতি ৬০০ টাকা এবং ছাগলপ্রতি ২৭৫ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করছিল। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর সেনাবাহিনীর একটি দল শনিবার সন্ধ্যায় হাটে অভিযান চালায়। অভিযোগের সত্যতা পাওয়ায় হাট ইজারাদারকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

এই ঘটনায় হাট ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। স্থানীয়ভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিও জোরদার হচ্ছে।