পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার
দিন পেরিয়ে রাত হলো। রাত পেরিয়ে সকাল। টানা জেরা করা হলো। এর পর ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেপ্তার করলো দেশটির পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মহাসচিব। তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। বলা হচ্ছে, শিক্ষামন্ত্রী থাকাকোলে তিনি ও তাঁর সহযোগীরা মিলে ঘুষ নিয়ে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জড়িত ছিলেন।
গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়িতে যায় ইডির একটি দল। এর পর তাকে জিজ্ঞাসাবাদ চলতে থাকে। এভাবে জেরার পর জেরায় দিন রাত পেরিয়ে যায়। আজ শনিবার ইডি সকাল ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
জেরার সময় একাধিকবার অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। দুইবার তার বাড়িতে চিকিৎসক আনা হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার নিয়ে কোনো মন্তব্য করেননি।