শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রতিমন্ত্রীর পদ হারানোর পর আত্মগোপনে গেছেন ডা. মুরাদ হাসান

অনলাইন নিউজ পোর্টাল • 09 ডিসেম্বর 2021, 10:43 দুপুর • 329 বার পঠিত
প্রতিমন্ত্রীর পদ হারানোর পর আত্মগোপনে গেছেন ডা. মুরাদ হাসান

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানোর পর আত্মগোপনে গেছেন ডা. মুরাদ হাসান। গত সোমবার ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে আর সেখানে ফেরেননি। বন্ধ রেখেছেন মোবাইল ফোনও। এদিকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়ার পর গতকাল সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে।

এদিকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়ে দিয়েছেন, নারীর প্রতি অবমাননাকর মন্তব্যকারী নেতাকে দলে রাখবেন না তারা। এ অবস্থায় ডা. মুরাদ হাসানের সংসদ সদস্য (এমপি) পদ থাকবে কি না, এ নিয়ে আলোচনা সব মহলে। জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, দল থেকে বহিষ্কার হলেই থাকবে না মুরাদের এমপি পদও। সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে এখানে।
অন্যদিকে মুরাদ হাসানের এমপি পদে বহাল থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। মুরাদ হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিচারিক তদন্তও চাওয়া হয়েছে রিটে।

রাজধানীর ধানমন্ডির চারতলা একটি বাড়িতে নিজের দুটি ফ্ল্যাটে সপরিবারে এক বছর ধরে বসবাস করছেন ডা. মুরাদ হাসান। তিনতলার একটি ফ্ল্যাটে ছিল তার ব্যক্তিগত অফিস। প্রতিদিন অনেক নেতা-কর্মী তার সঙ্গে দেখা করতে আসতেন। এখন সেই বাড়ির নিচে নেই দর্শনার্থীদের ভিড়। নিরাপত্তাকর্মীরা জানান, সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

অন্যদিকে বিতর্কিত মন্তব্য ও এক চিত্রনায়িকার সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়েন মুরাদ হাসান। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর তার বাসার সামনে থেকে সরিয়ে ফেলা হয় জাতীয় পতাকাও।