প্রথম ও দ্বিতীয় খলিফার শাসনামলের দুটি ঘটনা
প্রথম খলিফা আবুবকর (রা.) ফজরের সালাত আদায় করে মরুভূমির দিকে গমন করতেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে শহরে ফিরে আসতেন। ওমর (রা.) প্রতিদিন তার এমন গমনের দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হলেন। তাই একদিন ফজরের সালাতের পর আবু বকর (রা.) যখন বের হলেন, তখন তিনি গোপনে তাঁকে অনুসরণ করতে লাগলেন। অতঃপর তিনি একটি টিলার পিছনে লুকিয়ে থাকলেন ও আবু বকর (রা.)-কে একটি পুরাতন তাঁবুতে প্রবেশ করতে দেখলেন।
তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর বের হয়ে গেলেন। অতঃপর ওমর (রা.) টিলার আড়াল থেকে বের হয়ে উক্ত তাবুতে প্রবেশ করলেন। সেখানে তিনি এক অন্ধ দুর্বল নারীকে দেখতে পেলেন, যার কয়েকটি শিশু আছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কে আসে? ওই নারী বলেন, আমি তাকে চিনি না। তিনি একজন মুসলিম। প্রতিদিন সকালে তিনি আমাদের কাছে আসেন। অতঃপর আমাদের গৃহ পরিষ্কার করেন, আটা পিষে দেন এবং গৃহপালিত পশুগুলোর দুগ্ধ দোহন করেন, তারপর তিনি চলে যান। বিস্ময়াভিভূত ওমর বেরিয়ে আসলেন এবং বলেন, হে আবু বকর! পরবর্তী খলিফাদের ওপর তুমি কত কষ্টই না চাপিয়ে দিলে! (তারিখু দিমাশক ৩০/৩২২)
অন্যদিকে দ্বিতীয় খলিফা ওমর (রা.)-এর কাছে একবার কিছু কাপড় আসে। তিনি সেগুলো হকদারদের মধ্যে বণ্টন করে দেন। এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল। কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মিম্বরে আরোহণ করলেন। অতঃপর বললেন, হে লোকসকল! তোমরা কি আমার কথা শ্রবণ করছ না? এমতাবস্থায় বিখ্যাত সাহাবি সালমান ফারেসি (রা.) উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। ওমর (রা.) বলেন, কেন হে আবু আবদুল্লাহ? তিনি বলেন, আপনি আমাদের একটি করে কাপড় দিয়েছেন। অথচ আপনি পরিধান করেছেন (দুই কাপড়ের) বড় পোশাক!
ওমর (রা.) বললেন, ব্যস্ত হয়ো না হে আবু আবদুল্লাহ! অতঃপর তিনি ছেলে আবদুল্লাহ বিন ওমর (রা.)-কে ডাকলে তিনি উঠে দাঁড়ালেন। অতঃপর ওমর (রা.) বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় আছে, সেটা কি তোমার নয়? আবদুল্লাহ বিন ওমর (রা.) বলেন, জি, এটি আমার। অতঃপর সালমান ফারেসি (রা.) বলেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব (ইবনুল কাইয়িম, ইলামুল মুওয়াক্কেঈন ২/১২৩; সিফাতুছ সাফওয়াহ ১/২০৩)