প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব
নিউজিল্যান্ডের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা অ্যান্ড্রু হ্যাম্পটন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে সতর্ক করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) এক সম্মেলনে তিনি বলেন, অর্থনৈতিক ও আন্তঃসীমান্ত অপরাধের সুযোগ নিয়ে চীন ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে কৌশলগত চুক্তি করছে, যা নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে একই সূত্রে গেঁথে ফেলছে।
হ্যাম্পটন বলেন, নিউজিল্যান্ডের গোয়েন্দাদের জন্য চীনের কার্যক্রম ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দেখা দিচ্ছে। আমাদের প্রশান্ত মহাসাগরীয় অংশীদারদেরও এই ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।
সম্প্রতি কুক আইল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন বেইজিংয়ের সঙ্গে শিক্ষা, অর্থনীতি, অবকাঠামো, মৎস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমুদ্রতল খনন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছেন। কুক দ্বীপপুঞ্জের সঙ্গে নিউজিল্যান্ডের সাংবিধানিক সম্পর্ক থাকায় এই চুক্তিগুলো নিউজিল্যান্ডের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
চুক্তি স্বাক্ষরের আগে হ্যাম্পটন কুক আইল্যান্ডস সফর করে প্রধানমন্ত্রী ব্রাউনকে বিদেশি হস্তক্ষেপ ও গুপ্তচরবৃত্তির ঝুঁকি সম্পর্কে গোপন গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিলেন। এখন থেকে কুক আইল্যান্ডস ও চীনের মধ্যকার সম্পর্কের ওপর আরও সতর্ক নজরদারি রাখা হবে বলে জানান তিনি।
নিউজিল্যান্ড ফাইভ আইস গোয়েন্দা জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে হ্যাম্পটন উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সঙ্গে থাকা এই জোট নিউজিল্যান্ডের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, ফাইভ আইসের গোয়েন্দা তথ্য বিনিময়ের ফলে নিউজিল্যান্ডের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধি পেয়েছে।