পররাষ্ট্রমন্ত্রী আ. লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য কিন্তু তিনি দলের কেন্দ্রীয় কমিটির কেউ নন।
তার এই মন্তব্য আসল আজ রোববার। ড. হাছান মাহমুদ সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘‘তিনি (এ কে আব্দুল মোমেন) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তাই আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব তাকে দেওয়া হয়নি।’’
তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না। সুতরাং পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি তার নিজস্ব বক্তব্য, দলের নয়।’’
গত বৃহস্পতিবার সরকার ‘টিকিয়ে’ রাখা নিয়ে মন্তব্য করার পর তোপের মুখে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের এক অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেছেন, ‘‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে…শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা অনুরোধ করেছি।’’
তার এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ওই বক্তব্যের প্রসঙ্গে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেছেন, ‘‘বিদেশে গিয়ে যদি কেউ ব্যক্তিগত গল্প করে, সেই দায় আওয়ামী লীগের না।’’ তিনি জানান, দলের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে এই দায়িত্ব দেওয়া হয়নি।