পরমাণু সমঝোতা বৈঠকে উপস্থিত থাকবে না যুক্তরাষ্ট্র : ইরান
ইরান বলেছে, পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য যুক্তরাষ্ট্রের সামনে একটির বেশি পথ খোলা নেই; কাজেই এ সংক্রান্ত কোনো আলোচনায় দেশটির অংশগ্রহণের প্রয়োজন আছে বলে তেহরান মনে করে না। ইরান আরো বলেছে, কেবলমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মাধ্যমে মার্কিন সরকার পরমাণু সমঝোতায় ফিরে আসতে পারে।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুল-ফজল আমুয়ি এক সাক্ষাৎকারে এ কঠোর বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, আগামী মঙ্গলবার ভিয়েনায় অনুষ্ঠেয় বৈঠকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া ও ইরান অংশ নেবে এবং সেখানে কোনো মার্কিন প্রতিনিধি উপস্থিত থাকবে না।
মার্কিন সরকার পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য একটি রোড ম্যাপ প্রস্তুত করেছে এবং তা ভিয়েনা বৈঠকে উপস্থাপন করবে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে আমুয়ি বলেন, ইরান আমেরিকাকে পরমাণু সমঝোতার কোনো পক্ষ মনে করে না; কারণ দেশটি আইন লঙ্ঘন করে একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে।