প্রধানমন্ত্রীর এএমআর মোকাবিলায় পাঁচ দফা ‘অ্যাকশন প্ল্যান’ প্রকাশ
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় পাঁচ দফা ‘অ্যাকশন প্ল্যান’ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ বিপত্তি মোকাবিলায় ব্যর্থতা ভবিষ্যতে আরো মারাত্মক মহামারির সৃষ্টি করতে পারে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এএমআর বিষয়ক একটি উচ্চ পর্যায়ের ইন্টারেক্টিভ সংলাপে দেয়ার আগে ধারণ করা বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের ফলোআপ হিসেবে ‘সার্বজনীন স্বাস্থ্য কভারেজ সম্পর্কিত উচ্চ-পর্যায়ের বৈঠকের রাজনৈতিক ঘোষণা’ শিরোনামে সংলাপটির আহ্বান করেন প্রেসিডেন্ট ভোলকান বোজকির।
সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া কর্ম প্রস্তাবনা হলো- স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে বিশেষ মনোযোগসহ আঞ্চলিক ও বৈশ্বিক উভয় স্তরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত কর্ম পরিকল্পনাসহ এএমআরে সংহত বহু-বিভাগীয় কর্ম পরিকল্পনা; ভালো উৎপাদন, পরীক্ষাগার অনুশীলন এবং নজরদারি কাঠামো; প্রযুক্তি হস্তান্তর ও মালিকানা ভাগ করে নেয়ার মাধ্যমে সাশ্রয়ী মূল্যের এবং কার্যকর অ্যান্টিবায়োটিকগুলোর যথাযথ অ্যাক্সেস; এএমআর নিয়ন্ত্রণের ক্রিয়াকলাপের জন্য টেকসই অর্থায়ন; সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে রাজনৈতিক প্রতিশ্রুতি ও অংশীদারিত্বের মাধ্যমে এএমআর মোকাবিলায় বিশ্বব্যাপী জনসচেতনতা।
এএমআর বিষয়ক গ্লোবাল লিডার্স গ্রুপের সহ-সভাপতি শেখ হাসিনা আরো বলেন, বার্বাডোসের প্রধানমন্ত্রী এবং আমি এএমআর’র বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি।