প্রধানমন্ত্রী শুক্রবার হজ কার্যক্রম উদ্বোধন করবেন
শুক্রবার (৩ জুন) এই বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আশকোনা হজক্যাম্পে এদিন সকাল ১০টায় হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান হবে।
আজ বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। তারা জানায়, প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ভার্চুয়ালি হজ কার্যক্রমের উদ্বোধন করবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় আরো জানায়, হজ ক্যাম্পের অনুষ্ঠানে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত থাকবেন।
করোনা মহামারীর কারণে ২০২০, ২০২১ সালে হজের সুযোগ মেলেনি বিশ্বের মানুষের। এবার মাত্র ১০ লাখ মানুষের জন্য সৌদি আরব হজ উন্মুক্ত করেছে। এর মধ্যে বাংলাদেশ থেকে হজ করার সুযোগ পাচ্ছেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালন করবেন।